Minur Joy

প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫ , ০৪:০৮ এএম

অনলাইন সংস্করণ

আগারগাঁওয়ের ফুটপাতে মারামারি, দোকানি নিহত

রাজধানীর আগারগাঁওয়ে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই দোকানির ঝগড়া রূপ নিল মর্মান্তিক হত্যাকাণ্ডে। সরকারি জায়গায় দোকান বসানোকে কেন্দ্র করে বাবুল মিয়া (৪০) নামের এক চায়ের দোকানিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।


গতকাল মঙ্গলবার রাতে আগারগাঁওয়ের তালতলা এলাকায় জনতা গেটের সামনে এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, দোকান বসানো নিয়ে বাবুল মিয়ার সঙ্গে আরেক দোকানি রুহুল আমিন ও তার ছেলে রবিউলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা বাবুলকে লোহার পাইপ দিয়ে মাথায় আঘাত করে।


গুরুতর আহত অবস্থায় বাবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।